১৬ অগাস্ট থেকে ঢাবিতে ভর্তি কার্যক্রম শুরু

by admin on August 9th, 2011 under University

আগামী ১৬ অগাস্ট থেকে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন  বৃহস্পতিবার এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে ডিনস কমিটির সভায় ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম বিতরণ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণেরও সুপারিশ করা হয়েছে জানিয়ে সদরুল বলেন, “রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ডিনস কমিটির সুপারিশের আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত ডিনস কমিটির সুপারিশের তেমন পরিবর্তন হয় না।”

সুপারিশ অনুযায়ী, ১৪ অক্টোবর বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিট, ২১ অক্টোবর কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিট, ২৮ অক্টোবর ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন ‘গ’ ইউনিট, ১৮ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিট এবং ২৫ নভেম্বর চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো ‘ক’ ইউনিটের অধীনে লেদার টেকনোলজি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সদরুল জানান, ভর্তি পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশাপাশি শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধীনে তাদের ভর্তির ব্যবস্থা করা হবে।

গত ২৭ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড ও ডিআইবিএস পরীক্ষায় ৫ লাখ ৭৪ হাজার ২৬১ জন উত্তীর্ণ হয়েছেন।

Tags:
Share on Facebook
Share on Twitter

Leave a Reply