পদত্যাগের সিদ্ধান্তে অটল চবি প্রক্টর
পদত্যাগের বিষয়ে অটল থাকার কথা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. মোহাম্মদ আকতার হোসেন বলেছেন, নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
রোববার সকাল থেকে তিনি কাজ শুরু করেছেন জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি পদত্যাগে অনড়। তবে উপাচার্যের অনুরোধে নতুন প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাব।”
ছাত্রলীগ কর্মীদের দুর্ব্যবহারে গত মঙ্গলবার আকতার হোসেন ও তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দেন। তবে উপাচার্যের অনুরোধে বৃহস্পতিবার তিন সহকারী প্রক্টর তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলম জানান, প্রক্টরের পদত্যাগের বিষয়ে কোন ফয়সালা হয়নি। তবে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাকিব-সাকিব গ্র”পের ২০ থেকে ২৫ জন কর্মী প্রক্টর আকতার হোসেনের সঙ্গে দেখা করে তাদের বিরুদ্ধে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা বিভিন্ন মামলা এক দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানায়। দাবি পূরণ না হলে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দেয় তারা।
বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বি সুজন এ সময় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রক্টরের সঙ্গে দুর্ব্যবহার করে বলেও জানা গেছে।
ওই ঘটনার পরপরই পদত্যাগপত্র জমা দেন প্রক্টর ও তার তিন সহকারী পরিসংখ্যান বিভাগের মো. মঞ্জুর মোর্শেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো মঈনুল ইসলাম ও প্রাচ্যভাষা বিভাগের শিপক কৃষ্ণ দেবনাথ।










